হাসপাতালে একদিন



হাসপাতালে একদিন

হাসপাতালে যে রোগীগুলো একটানা অনেকদিন ধরে এডমিটেড থাকেতাদের আত্মীয়দের চেহারায় বেশ একটা নির্লিপ্ত ভাব লক্ষ্য করা যায়। চারপাশে অসুস্থ মানুষের ভিড়রোগ-শোকদুঃখ-জরা কিছুতেই তাদের আর বিচলিত মনে হয় না। শুধু একুরিয়ামের ভিতর বিবর্ণ মাছগুলোর দিকে তাকিয়ে থেকেই তারা ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিতে পারে। আমি সকাল থেকে একটা চেক-আপ রিপোর্টের অপেক্ষায় এরকম এক ঝাঁক বোধহীন, নির্লিপ্ত মানুষের মাঝে বসে আছি। যারা সদলবলে ভুলে গেছে সেভলনের উৎকট গন্ধ, ডেস্কে টেলিফোনের অবিরাম আগমনী ধ্বনি। 

যাদের কেউ একবারের জন্যও ভেবে দেখছে না - দীর্ঘাঙ্গী রিসেপসনিস্টের ভ্রুতে বিরক্তির ধনুক আজ কতটা টান-টান? সবাই কেমন অঢেল স্বাচ্ছন্দে মেনে নিয়েছে পাঁচ মিনিট পিছিয়ে চলা দেয়াল ঘড়িটাকে। আশ্চর্য! যেন কারো কোন তাড়া নেই। কেউ হঠাৎ চমকে উঠে বলছে না - নিউজরিডার টিভিতে এ কোন জলপ্রপাতের খবর দিলেন? কোথায় সব যুদ্ধের অবসান হয়ে গিয়েছে বহুকাল? অনেকক্ষণ পরে চেক-আপ রিপোর্টটা হাতে এলে দেখি - রিসেপসনিস্ট মেয়েটির দুয়েকটা জীবানু ছাড়া আমার শরীরে আর বিশেষ কোন রোগ নেই!
---------------------------------