ক্লাস মিস দিয়ে
এই যে ক্লাস মিস দিয়ে অন্ধকারে শুয়ে আছি
- এটা ভালো লাগছে।
ভালো লাগছে আলো-আঁধারি,
আসি আসি ঘুম,
হরিণ শিকারের ছবি!
এই যে ল্যাপটপ থেকে একটা মিহি সাদা আলো
বেড়ালের মত নিঃশব্দে বেরিয়ে এসে
শুয়ে পড়েছে আমার গা ঘেঁষে,
এটেন্ডেন্স শিট থেকে তার নাম কাটা গেছে।
তার অনুপস্থিতি'র ভেতর কেবল ঝিনুক-এর দোকান;
প্রিয়তমা পর্নস্টার
বান্ধবী'র প্রক্সি হয়ে আসে।
ফলে ক্রমশ ওপেন হয়ে পড়ে
আমার চিন্তার করিডর।
ক্লাস মিস দেয়া এক ঐকান্তিক অন্ধকারে
হাজার মাইল পথ পড়ে থাকে পালাবার।
-----------------------------------------------ফুটনোটঃ
মাঝে মাঝে মনে হয়, বর্তমান দিনে কিংবা আগামী দিনগুলোতে আমার কিছু করার নেই, কোথাও যাবার নেই। ফলে অতো তাড়াতাড়ি কিংবা হেঁটে হেঁটে কোথাও পৌঁছুবার প্রশ্ন নেই। পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করার মত কোন ব্যাপার নেই। বিবিধ অত্যাশ্চর্য বিফলতা'র কথা না হয় বাদ-ই দিলাম। অথচ এই বিখ্যাত অনুভূতিটার অর্থাৎ ক্লাস মিস দিয়ে অন্ধকারে অলস শুয়ে থাকার কোন একটা নিবিড় জুতসই নাম খুঁজে পেলাম না আর।
---------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন