ছোটবেলা

আমার ছোটবেলা


পাখির ঠোঁটে চেপে আমার ছোটবেলা নিরুদ্দেশে গেছে।
একটা জলফড়িং এর পিছনে ছুটতে ছুটতে

কেটে গেছে  ঘনদুপুর।
আমার ভয় পাওয়া অবাক চাহনিটা নিয়ে

সার্কাস পার্টির হাতিটাও চলে গিয়েছিলো।

শিববাড়ির মাঠে লাল নীল তাঁবু ফেলে
খুব কুয়াশায় ওদের রঙ মনে পড়ে।
মনে পড়ে আমার ছোটবেলায় একটা বিলম্বি গাছ ছিলো।
পাকঘরের লাগোয়া উঠোনের বাঁ দিকটাতে।
গায়ে তার কালো পিঁপড়ের ঢিবি।
টিয়ে পাতার রঙে যখন গুটিয়ে নামতো বিকেল
আমি আর বাবা একসাথে হেঁটে যেতাম সেই গ্রামে।
পথে দারুন ঘাসের ঘ্রাণ, বিশুদ্ধ ডাহুক ডাকা বাড়ি। 
রাত জাগা সেচ পাম্প 
যেন বিরামহীন শব্দ নিয়ে আসে তার।
তারপর বহুদূর চলে গেছে চাষাবাদের বিল। 
তারও ওপারে শহর, 
সে শহরে পাহাড়ের মত দূরের মানুষ থাকে। 
আমি থাকি। 
আমি ভুলে গেছি নৌকো। 
গহন বর্ষা উঠোনে কাঁঠালী চাপার ঘ্রাণ 
প্রথম খেলার সাথী আমার। 
------------------------------

কোন মন্তব্য নেই: