পর্যাপ্ত পরিমানে দ্বিধা ও সংকোচ বহনের দায়ে
তোমার জন্য জমিয়ে রাখা বারোটি চুমু-কে
একে একে দেউলিয়া ঘোষনা করা হয়েছে।
ফ্রকে মুখ গুঁজে অভিমানী কিশোরীর মত
ওরা এখন বারান্দায় বসে ফুপিয়ে কাঁদছে।
গ্রিল বেয়ে ওঠা অপরাজিতার ফুলগুলো
এই শোকে আরো গাঢ় নীল হয়ে উঠছে।
ছুটির দিনটাকে মনে হচ্ছে মলিন, ফ্যাকাসে।
রবিঠাকুর ক্রমশঃ মিডিয়া প্লেয়ার ছেড়ে
বেরিয়ে আসতে চাইছেন। বার বার বলছেন -
‘মনো চায়, মনো চায়… হৃদয়ো জড়াতে কারো চির ঋণে’
সারা দিনভর বুঝিয়ে শুনিয়েও
থামানো যাচ্ছে না এই সংঘবদ্ধ অনুতাপন।
তাই কাল পরশুর মধ্যে জরুরী ভিত্তিতে
তোমাকে বকেয়া চুমুগুলো বুঝে নিতে বলা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন