ক্যামেলিয়া


ক্যামেলিয়া



তোমার সঙ্গে যুঝে উঠতেই দু’-তিনটি বর্ষা কেটে গেলো।
ফলে কোনদিন সমুদ্রে যাওয়া হলো না আর।
দেখা হলো না রঙিন মাছের ঝাঁক, বিশীর্ণ নীল কুয়াশা।
যেন সময় গলে পড়ছে হাওয়ায়।
সম্পূর্ণ রাত্রির গান
ক্যামেলিয়া! ক্যামেলিয়া!
তবু কী যে ভালো লাগে এই বৃষ্টির শব্দ।
এইসব অচেনা উদ্ভিদ।
কোথাও টেলিফোনে
মৃদু ভোর নামে গ্রামে।
শিশিরের শব্দের মত মনে পড়ে
তোমার ফিরে যাবার শৈলী।
সমুদ্রে আমাদের উল্লেখ নেই।
সুনির্মিত শহর, মেঘ, পাখি
কিছুই আমাদের সঙ্গে নেই।
আমরা চলে যাচ্ছি দূরে কোথাও
ক্রমশঃ ব্যাপ্ত চরাচরের দিকে।
তোমার লাবণ্য ও মনীষার কাছে
আমি ক্রমশঃ নতজানু। 
আমার শোবার ঘর আদতে একটা আশ্চর্য গ্রাম!
আত্মহত্যা একটা দীর্ঘ বর্ষাকাল।


--

(৭/৯/২০১৬)


কোন মন্তব্য নেই: