মেসোকিস্ট-২

মেসোকিস্ট- ২



একটা ভ্রূণ হত্যার শোক জাগে মনে।
সারারাত তোমার ভেতরে শুয়ে থেকে
ঠোঁটে নিয়ে বিষফল, জিহ্বার নীল দাগ
ভেসে যাচ্ছি অতল গর্ভজলে। 
লেপ্টে যাচ্ছি লিপস্টিকে,
চোখের নিচে থেবড়ানো আই-লাইনার, 
নেক-লাইন জুড়ে ছেঁড়া এপ্লিক-  ফাল্গুনের মোটিফে।  

আমার কর্তিত মাথা যেন জীবন্ত ধূমকেতু- 
কাল-বাষ্প হয়ে উড়ে যাচ্ছে দুর্গম মহাশূন্যে।
হঠাৎ ঝলকে পুড়িয়ে দিচ্ছে সব, 
পুড়িয়ে দিচ্ছে শহর, 
তোমার সংসার পরিপাটি।
সূর্যের বেগুনি রশ্মির মত 
ঢুকে যাচ্ছে মসৃণ শরীরে,  
ঝলসানো বিদ্যুৎ থেকে 
শুষে নিচ্ছে আমূল রক্তবীজ।

শীতকাল শেষ হয়ে এলে-   
চলো একদিন শিমুল কুড়োতে যাই, 
নীলিমা স্থাপন করি উজ্জ্বল দু'চোখে।
বনের মধ্যে রাত্রিবেলা 
হামাগুড়ি দিয়ে উঠি শরীরে।
সন্ধ্যা নদীটির নামে সারামুখ ডুবিয়ে রাখি
তোমার দীর্ঘ ঋতু স্রোতে। 
দেখবে- 
আমিই তোমার জরায়ু ছেঁড়া সন্তান!
বোবা কুকুরের মত সরল বিশ্বাসে
তাকিয়ে আছি মুখ পানে
শেষবার কৃপা করো যদি! 
গভীর আস্বাদে তুলে নাও
নিবিড় মাতৃবক্ষে।



(১৪/২/২০১৭)
--
মেসোকিস্ট-১ 

কোন মন্তব্য নেই: