যতই বলিনা কেন সিনেমা দেখার সময় এওয়ার্ড নিয়ে মাথা ঘামাই না, তবু এওয়ার্ডের মৌসুম আসলেই যেন সিনেমা দেখা বেড়ে যায়। বাফটা, গোল্ডেন গ্লোব দেয়া শেষ, সামনের সপ্তাহে অস্কার। তাই ভাবলাম এবারের অস্কারের সিনেমা গুলো নিয়ে কিছু একটা লিখি। আসছে রবিবার মিলিয়ে দেখা যাবে আমার প্রেডিকশন কতটা ভুল বা ঠিক হল।
গড়পড়তা বিচারে এবারের সিনেমা ২০১৬ এর চেয়ে ভাল। ২০১৭ তে হয়তো ভাল সিনেমা রিলিজ হয়েছে বেশি। ফলে এবার La La Land এর মত অনাকাঙ্খিত কিছু ঘটতে দেখা যায় নি। যদিও অস্কারের নমিনেশন নিয়ে বিতর্ক, গুঞ্জন নতুন কিছু নয়। বিভিন্ন পলিটিকাল, কমার্শিয়াল এজেন্ডাকে সামনে রেখে যেমন কোটা ভিত্তিক নমিনেশন হয়ে থাকে, যার ধারাবাহিকতা এবারো লক্ষণীয়। যার কারণে প্রতিবারই বেশ কিছু ভাল ছবি বেস্ট পিকচার ক্যাটাগরি থেকে বাদ পড়ে যায়। মনে আছে- যে বার Slumdog Millionaire এর জয়জয়কার হল, সেবার নোলানের Dark Knight নমিনেশনই পায় নি। এতই খারাপ ছবি! নমিনেশনে সচরাচর যে কোটা গুলো লক্ষ্য করা যায় সেগুলো হল - নারী কোটা, কালো কোটা, LGBT কোটা, দেশপ্রেম কোটা, মুক্তমনা কোটা, থার্ড ওয়ার্ল্ড বা ভিখারি কোটা, বিশেষ সম্মাননা কোটা ইত্যাদি। পাঠক হয়তো এখন কিছুটা হলেও অনুমান করতে পারছেন যে Dark Knight এগুলোর কোনটাতেই ঠিকমত ফিট করেনি। তাই ভিখারি কোটার ছবি Slumdog Millionaire এর জন্যে জায়গা ছেড়ে দিতে হয়েছিল।
যাই হোক, ২০১৭ এর সবচে' ওভারহাইপড ছবি মেবি Lady Bird. নারী কোটায় নমিনেশন পেয়ে এই ছবি এবার নারী স্বাধীনতা, উইমেন এমপাওয়ারমেন্ট ইত্যাদির মার্কেট পসার করেছে। ছবির সবচে' আকর্ষণীয় দিক ছিল স্ক্রিন-প্লে। এছাড়া বাদ বাকি সবকিছু অতটা অভিনব মনে হয়নি যতটা না পাবলিক এটেনশন পেয়েছে। এই ধাঁচের ইউরোপিয়ান ছবি হরহামেশাই দেখা যায়। Greta Gerwig নিঃসন্দেহে ভাল লেখিকা এবং অভিনেত্রী। কিন্তু সবমিলিয়ে বেস্ট পিকচার + বেস্ট ডিরেক্টর এ জায়গা পাওয়ার মতন ছবি নয় এটা। Gerwig এর এটাই প্রথম পরিচালনা। এর আগে তার পার্টনার Noah Baumbach'র সাথে বেশ কিছু কাজ আছে। Baumbach ইন্ডি ফিল্মমেকারদের মধ্যে বেশ জনপ্রিয় মুখ। এই আকালে ইন্ডি ফিল্মমেকার বলতে অনেক ক্ষেত্রে তাদেরকেই বোঝানো হয়, যারা যোগ্যতা থাকা স্বত্বেও টাকার অভাবে বড় ছবি বানাতে পারেন না। Gerwig সেই দল থেকে অনেকটা বেরিয়ে এসে যেন নিজেকে প্রমাণ করলেন। যদিও Lady Bird সম্ভবত নমিনেশন লিস্টে সবচে' কম বাজেটের ছবি। Baumbach এর ছবি আমার ভাল লাগে। অল্প বাজেটের মধ্যে কথোপকথন ভিত্তিক ছিপছিপে ছবি। অনেকটা ছোট গল্পের মত। Baumbach এর সিনেমা যারা আগে দেখেছেন, Gerwig এর ২০১৭ তে বানানো Lady Bird এর মেকিং এর সাথে মিল খুঁজে পেলে আশ্চর্য হবেন না। Gerwig কে অবশ্য এ নিয়ে কোথাও কিছু বলতে শুনি নি।
নারী কোটায় যে ছবিটা অন্ততঃ একটা-দুটো নমিনেশন পেতে পারত সেটা হল Patty Jenkins এর Wonder Woman. এডাপ্টেড স্ক্রিন-প্লে এমনকি ভিজুয়াল ইফেক্ট কোথাও এর জায়গা হল না। বড় বাজেট বা বক্স অফিস হিট মানেই কি খারাপ ছবি? এটা কি শিল্পের সাথে অর্থের সেই ক্লাসিক দ্বন্দ্ব-এর মত? Wonder Woman এর টাকা দিয়ে Patty Jenkins অন্ততঃ ১৫টা Lady Bird বানাতে পারতেন! একটা না একটা তো শিকে ছিঁড়তোই। একই কথা Logan এর ক্ষেত্রেও প্রযোজ্য। Patrick Stewart তো Supporting Actor হিসেবে নমিনেশন পেতেই পারতেন, যেখানে Three Billboards Outside Ebbing Missouri থেকে একই সাথে দুই জন পেয়েছেন! কমিকস গল্পের উপর বানানো সিনেমা অস্কার কমিটি বোধ হয় খুব একটা আমলে নেয় না। উদাহরণ হিসেবে আবার Dark Knight এর কথা বলা যায়। যাই হোক Gerwig যারপরনাই সুলক্ষণা। জীবনের প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছেন। নোলান, স্পিলবার্গ, পি টি এন্ডারসনদের মত বাঘা বাঘা পরিচালকদের সাথে এক কাতারে জায়গা করে নিয়েছেন। মজার ব্যাপার হল নোলানেরও এটা জীবনে প্রথম বেস্ট ডিরেক্টর নমিনেশন। ভাবা যায়?!
এবছরের দ্বিতীয় ওভারহাইপড ছবি Phantom Thread। P T Anderson এর ছবিতে Daniel Day-Lewis- স্বভাবিকভাবেই প্রত্যাশা ছিল বেশি। হয়তো Daniel Day-Lewis এর শেষ ছবি বলে দর্শকের আগ্রহ আরো বেশি ছিল। কিন্তু কোন একটা অদ্ভুত কারণে ছবিটা অতটা জমে ওঠে নি। কিছু একটার কমতি ছিল ফর শিউর। দুই জনেই বেস্ট একটর, বেস্ট ডিরেক্টর নমিনেশন পেয়েছেন বটে, কিন্তু আমার ধারনা কেউই শেষ পর্যন্ত এওয়ার্ড পাবেন না। সেই হিসেবে Daniel Day-Lewis এর প্রতি সম্মান স্বরূপ এই ছবিকে 'বিশেষ সম্মাননা কোটা'য় ফেলা যেতে পারে। এই কোটার আরেকজন পূর্বসূরি হলেন নায়করাজ Leonardo DiCaprio
বেস্ট পিকচার লিস্টে কালো কোটার ছবি আছে Get Out। তরুণ পরিচালক Jordan Peele বেস্ট ডিরেক্টর হিসেবেও নির্বাচিত হয়েছেন। ছবির প্লট, গল্প বলার ধরন সব-ই ইন্টারেস্টিং। কিন্তু শেষমেষ আমার কাছে ব্ল্যাক মিররের একটা গড়পড়তা এপিসোডের চেয়ে আহামরি কিছু মনে হয়নি। ব্ল্যাক মিররের উদাহরণ দিলাম সঙ্গত কারণেই যেহেতু গল্প বলার ঢং এবং বিষয়ে অনেক সামঞ্জস্য আছে। সেই হিসেবে এটাকে তৃতীয় ওভারহাইপড ছবি বলা যায়। বিশেষত ক্রিটিক সম্প্রদায় এটাকে নিয়ে প্রচুর লাফালাফি করছেন। আমি যার কোন তাৎপর্য খুঁজে পাই নি।
দেশপ্রেম কোটার ছবি আছে দুটি - অগ্নিঝড়া Dunkirk এবং পঞ্চাশের মন্বন্তর খ্যাত পাগলা রাষ্ট্রনায়ক চার্চিলের উপর নির্মিত ছবি Darkest Hour। Dunkirk বড় বাজেটের ছবি- তবে দেখে মনে হয়েছে নোলানের ইয়েট এনাদার কমার্শিয়াল প্রোজেক্ট। Darkest Hour এর স্ক্রিন-প্লে সেই তুলনায় ভাল লেগেছে। Gary Oldman অসাধারণ অভিনয় করেছেন চার্চিল চরিত্রে। এবারে বেস্ট একটর সিলেকশানটা যেন একটু সহজই হয়ে গেল বিচারকদের জন্যে। নোলানের কপালে অবশ্য কিছু জুটবে বলে মনে হয়না। বেস্ট ডিরেক্টর নমিনেশন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
LGBT কোটার ছবি আছে Call Me by Your Name- ইটালিয়ান পরিচালকের ছবি। কাহিনীর পটভূমিও ইটালির এক ছোট ছিমছাম শহর। ছবির দৃশ্যায়ন খুব সুন্দর- চারিদিকে সবুজ গাছপালা ঘেরা নির্জন শহর- সেখানে কোন এক গ্রীষ্মের ছুটিতে সবার দল বেঁধে বেড়াতে যাওয়া, তারপর মূল চরিত্রের সাথে তার অধ্যাপক বাবা'র রিসার্চ এসিটেন্টের অদ্ভুত প্রেম। সতের বছরের মূল চরিত্রে Timothée Chalamet এর অভিনয় খুব প্রশংসিত হয়েছে। মাত্র ২২ বছর বয়সে অস্কার নমিনি! Gary Oldman না থাকলে হয়তো এবার অস্কার পেয়েও যেত। Lady Bird এর নায়িকা Saoirse Ronan এরও একই অবস্থা- মাত্র ২৪ বছর বয়সে ৩ বার অস্কার নমিনি! এরা বাকি জীবনে আর করবেটা কী?
এবার মুক্তমনা কোটার ছবি হল - The Post। বানিয়েছেন শ্রীমান স্পিলবার্গ। মেরিল স্ট্রিপের সাথে ছবিতে আরো আছেন ধৃতিমান টম হ্যাংক্স। কিভাবে প্রেসিডেন্ট নিকসনের হুশিয়ারির তোয়াক্কা না করে ওয়াশিংটন পোস্টের একদল দুর্ধর্ষ সাংবাদিক ভিয়েতনাম যুদ্ধের গোপন নথি ফাঁস করে দিয়েছিল তার উপর ভিত্তি করেই এই কাহিনী। এই ছবি পুরষ্কার-টুরষ্কার না পেলেও অস্কারের স্টেজে জোকস সাপ্লাই এর কাজে দিবে নিশ্চিত। মিডিয়ার স্বাধীনতা, ফেইক নিউজ, ফক্স- রুপার্ট মারডগ ইত্যাদি প্রাসঙ্গিক টপিকে বলির পাঠা হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পচানো হবে আর হলভর্তি দর্শক মদ খেতে খেতে মুহুর্মুহু হাততালি দিয়ে উঠবে।
অনেক বছর আগে থার্ড কি ফোরথ ইয়ারে পড়ার সময় Martin McDonagh এর In Bruges দেখে মুগ্ধ হয়েছিলাম। তারপর প্রায়ই আমরা কয়েক বন্ধু মিলে বার বার In Bruges দেখতাম আর হাসতে হাসতে গড়াগড়ি খেতাম। যদিও মোটেই কমেডি ধাঁচের ছবি নয়- চোখের সামনে খুন খারাপি, রক্তা রক্তি হচ্ছে- অথচ না হেসে থাকা যেত না এমন ডার্ক হিউমার। কলিন ফ্যারেলকে সবসময় দ্বিতীয় শ্রেণীর অভিনেতা বলে মানতাম সবাই। কিন্তু এই সিনেমা দেখার পর থেকে তাকে বিশেষ মর্যাদা দেয়া হত। গল্প বলায় McDonagh এর একটা নিজস্ব স্টাইল আছে। কখনো কখনো মনে হতে পারে কিছুটা টারানটিনোর প্রভাব, কিন্তু তার স্ক্রিনপ্লে অনন্য। Three Billboards Outside Ebbing Missouri এবছর দেখা আমার সবচে প্রিয় ছবি। অনেকদিনপর McDonagh এর কারুকাজ দেখে আপ্লুত। ছবিতে কাহিনীর চেয়েও তার মেকিং, ডায়ালগ, চরিত্রগুলোর নাটকীয় কর্মকাণ্ড মুখ্য হয়ে ওঠে। McDonagh এর একটা প্রিয় কাজ হল মৃত্যু নিয়ে অদ্ভুত সব হিউমার করা। দেখা গেল একটা খুব সিরিয়াস শক্তিশালী চরিত্র মনে হচ্ছে বুঝি সিনেমার নায়ক- তারপর মাঝপথে সামান্য বোকামির কারণে হুট করে মরে গেল। McDonagh বেস্ট ডিরেক্টর নমিনেশন পাননি। তবে আমার ধারনা Three Billboards Outside Ebbing Missouri বেস্ট পিকচার এওয়ার্ড পাবে। Frances McDormand হয়তো বেস্ট একট্রেস পাবেন।
Guillermo del Toro এর প্যান্স ল্যাবিরিন্থ খুব প্রিয় ছবি। The Shape of Water যদিও অতটা ক্লাসিক হয়ে উঠে পারে নি, তবুও বেস্ট ডিরেক্টর এওয়ার্ডটা হয়তো তার ঝুলিতেই যাবে।
অস্কার নমিনেশনে এবছরের সবচেয়ে আন্ডাররেটেড ছবির তালিকায় থাকবে নেটফ্লিক্সের ছবি Mudbound. বেস্ট পিকচার ক্যাটাগরিতে Lady Bird, Phantom Thread কিংবা Get Out এর তুলনায় অনেক ম্যাচুরড মেকিং। অথচ কোন মেজর ক্যাটাগরিতে নমিনেশন জুটল না Dee Rees এর কপালে। একাডেমী চাইলে কিন্তু Mudbound দিয়ে কালো কোটা এবং নারী কোটা এক সাথে ফিল আউট করতে পারত। যেহেতু নারী ডিরেক্টর। তাহলে করলো না কেন? পরে গত বছরের কান ফেস্টের এক ঘটনা মনে পড়ল। সেবার কানে নেটফ্লিক্সের একটা সিনেমা Okja নিয়ে খুব শোরগোল হয়েছিল। বিচারক প্যানেলের কয়েকজন এবং অন্যান্য বোদ্ধারা দাবি করে বসল এই সিনেমা প্রকৃত সিনেমা নয়। কেন? কারণ এটা আগে টিভিতে রিলিজ হয়েছে। সাধারণত নেটফ্লিক্স তাদের প্রযোজনার ছবিগুলো রেগুলার কন্টেন্ট হিসেবে টিভিতে রিলিজ করে দেয়। সিনেমার প্রথাগত ডিস্ট্রিবিউশন পদ্ধতি এটা সাপোর্ট করে না। তাদের মতে সিনেমা প্রথমে হলে রিলিজ করতে হবে। দর্শক হলে এসে সিনেমা দেখবে। তারপর যা খুশি করে করুক। তো নেটফ্লিক্স বা এমাজন প্রাইম এর সাথে অন্য ডিস্ট্রিবিউশন চ্যানেলের এই বিবাদ এখনো চলমান। তাই একাডেমী হয়তো ঝামেলা এড়ানোর জন্যে Mudbound কে খুব একটা হাইলাইট করতে চায় নি। Mudbound নেটফ্লিক্সের প্রযোজনা না হলে, নিশ্চয় আরো বেশি নমিনেশন পেত।
সিনেমাটোগ্রাফির জন্যে দেখতে সুন্দর লেগেছে Blade Runner 2049. বেস্ট সিনেমাটোগ্রাফার এওয়ার্ড তাই অবধারিত ভাবেই পাচ্ছেন Roger Deakins। কিন্তু ছবিতে গ্যালাক্সি নোটবুক খ্যাত হলিউডের রনবীর কাপুর এমনই জঘন্য অভিনয় করেছেন যে নানা সম্ভাবনায় পরিপূর্ণ থাকা স্বত্বেও ছবিটি শেষমেষ আর কোন মেজর নমিনেশন পেতে ব্যর্থ হয়েছে।
প্রধান কয়েকটি ক্যাটাগরিতে যে নামগুলো আসতে পারে এবারের অস্কার বিজয়ীর তালিকায়ঃ
১। বেস্ট পিকচারঃ Three Billboards Outside Ebbing Missouri
২। বেস্ট ডিরেক্টরঃ Guillermo del Toro
৩। বেস্ট একটরঃ Gary Oldman
৪। বেস্ট এক্ট্রেসঃ Frances McDormand
৫। বেস্ট সিনেমাটোগ্রাফারঃ Roger Deakins
৬। বেস্ট এডাপ্টেড স্ক্রিন প্লেঃ Call Me by Your Name
৭। বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লেঃ Lady Bird
--
27/2/2018
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন