The Dying Swan

বেশ কিছুদিন হল আবিষ্কার করেছি- YouTube এ প্রচুর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পাওয়া যায়, যেগুলো গল্পের বইয়ের সাথে শুনতে বেশ ভাল লাগে। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বলতে সচারসচর ধুম-ধারাক্কা মোৎজার্ট বা বাখ নয়; শান্তিপূর্ণ, বা একটু মেলাঙ্কলিক ধাঁচের কম্পোজিশন। সাধারণত Classical Music for reading, Music for study or relaxation- এসব নামে খুঁজলেই পাওয়া যায়- দুই কি তিন ঘণ্টার প্লে-লিস্ট- খুব বেশি মনোযোগ দাবি করে না, আবার অধুনা Instrumental music এর মত অতটা রিপিটেটিভ তথা বোরিংও শোনায় না।

সমস্যা যেটা হয় মাঝে মাঝে দীর্ঘ প্লে-লিস্টের মধ্যে দুয়েকটা অদ্ভুত সুন্দর কম্পোজিশন ঢুকে পড়ে। তখন বই এর পাতা ভাঁজ করে দেখতে হয়- কী বাজছে? কার কম্পোজিশন? যাতে পরে কখনো শুনতে ইচ্ছে হলে আলাদা করে খুঁজে পাই। যেমন সম্প্রতি খুঁজে পেলাম- The Swan. প্রথমে ভেবেছিলাম রাশিয়ান কারও কম্পোজিশন। চায়কোভস্কি? কিন্তু পরে দেখলাম সুরকার আসলে ফরাসি। Cranival of animals নামে একটা সিরিজ করেছেন যেখানে বাঘ, সিংহ, হাতি, ক্যাঙ্গারু, রাজহাঁস, মোরগ প্রভৃতি পশু-পাখির মোটিফ নিয়ে কম্পোজিশন আছে। তার মধ্যে The Swan সবচে’ জনপ্রিয়।

চেলো’র সুর এমনিতেই খুব বেদনা-বিধুর। তার উপর এই কম্পোজিশন এতই বিষণ্ণ যে মনে হয় কেউ বুঝি কাঁদছে।একজন রাশিয়ান ব্যালেরিনা অবশ্য এই সুরের উপর কোরিওগ্রাফি করে নেচেছেন। যেখানে দেখানো হয় একটা ধবধবে সাদা রাজহংসী ধীরে ধীরে স্বেচ্ছামৃত্যু বরন করে নিচ্ছে। তার শোকে অডিটোরিয়াম জুড়ে বেজে উঠছে এই করুন সুর। মহাকবি টেনিসনের কবিতার নাম ধার করে কোরিওগ্রাফির নাম রাখা হয়েছে- The Dying Swan.










  


কোন মন্তব্য নেই: