রেণু বিষয়ে

রেণু বিষয়ে


বিগত দশকেও রেণু এরকমই ছিলো।
ঘুম ভোরে উঠে গিয়ে কেমন একটা বিষাদে যুক্ত হতো।
আমি বিছানায় শুয়ে শুয়ে
তার অবারিত টুং টাং শুনতাম।
শুনতাম কিচেন থেকে ভেসে আসা জল পড়ার শব্দ।
ধোঁয়া ওঠা কেটলি আর কাপের শব্দ।
আমি তখন দু'কানে বালিশ চেপেও
সহস্র চুড়ির শব্দ পেতাম।
এখনো যেমন আমার সমস্ত দেয়াল জুড়ে থাকে
মৃত প্রজাপতির দল।
এবং গ্রথনে ওদের পৃথিবীর রোদ।
জানালার গ্রিল বেয়ে গোপনে নেমে আসে যখন
রেণুর আলনায়,
ড্রেসিং টেবিলে
কিংবা
খুব এটিকেট মানা শুধু ঘুমের চাদরে।

অথচ তারপর থেকে তেমন কিছুই ঘটেনি রেণু বিষয়ে।
এমনকি বিগত দশকেও রেণু এরকমই ছিলো।
ডাইনিং টেবিলের ভোরে আমার অপেক্ষায় থেকে থেকে
যথেষ্ট বিষণ্ন একটা অমলেট হাতে।
------------------------------------

কোন মন্তব্য নেই: