এলবাট্রস

এলবাট্রস


আমি তোমার অপরিচিত হতে চাই।
খুব অপরিচিত কেউ।
হঠাৎ কোথাও দেখা হয়ে গেলে 
কিছুতেই মনে পড়বে না এমন। 
ক্যাফেতেআড্ডায়ঝুল বারান্দায়
তোমার সুদূরতম দেজাভুঁ-তে
আমি নিছক অপরিচিত হতে চাই।

হয়তো আমাদের অহরহ প্রথম দর্শন হবে।
প্রথম দর্শনে প্রতিবার 
নতুন করে প্রেম হবে,
নিশ্চুপে দৃষ্টি বিনিময় হবে।
আগ বাড়িয়ে প্রথম কথাটা 
দু'জনের-ই খুব বলতে ইচ্ছে হবে।
তবুও সারাটাদিন রোদমাখা টই-টই শেষে
দীর্ঘ, ক্লান্ত চুম্বনের প্রাক-মুহুর্তে
আমি তোমার অপরিচিত-ই হতে চাই।

তুমি হয়তো একবার আলিয়াঁস ফ্রঁসেজে ভর্তি হবে।
একবার আমার প্রতিবেশী হবে।
আরেকবার ফেসবুকে 
অথবা জানি না 
হয়তো কোন বন্ধু'র ছোট বোন হবে।

তবুও ঐ দূরগামী জাহাজের কাছে 
জলছুট এলবাট্রসের মতন
আমি তোমার অপরিচিত-ই হতে চাই।

খুব অপরিচিত কেউ।
----------------------------

২টি মন্তব্য:

ফয়সাল আদনান বলেছেন...

আহ প্রথম দর্শন :)

সুদীপ বলেছেন...

@ ফয়সল রাব্বীঃ আহ অপরিচিতি :)