বড়ছেলে

বড়ছেলে


মনে রেখো ঘাস-পাতা,
কী বিরলপ্রজ সন্ধ্যায়
এসেছিলো তোমার আত্মীয়রা।
আড়িপেতে বসেছিলো
এখানে সেখানে
আমাদের প্রত্যহ
মন-কেমনে'র পাশে।
মনে রেখো ভাত ঘুম
প্রিয় ইষ্টি-কুটুম
এসেছিলো...
এইতো গত বুধবারে।
মিষ্টি(?) সব অনুযোগ সাথে করে
এনেছিলো অবেলায়।
বলেছিলো উচিত কথা
টেলিফোনে এটা সেটা -
বড়ছেলে,
তুমি কবে বিদেশ যাবে?
অনেক তো বয়েস হলো
একশো, দু'শো?
না কি সহস্র বছর?
তুমি আর কবে বিদেশ যাবে?
সহপাঠী যারা ছিলো
সবাই যে গেছে;
চুলোয় তো আর যায় নি
যা হোক একটা বিদেশ গেছে।
তুমি দেবালয়ে না যাও,
বিদ্যালয়ে না যাও,
মিছিল, মিটিং
কোন যুদ্ধে না যাও
অন্ততঃ একটা বিদেশ তো যাও!
শুন্য মাঠের মাঝখানে
স্থবির দাঁড়িয়ে থেকে
আর কতকাল কাটাবে, বড়ছেলে?
দ্যাখো কার্নিশে চড়াই নেচে নেচে বলে,
বৃষ্টি'র রিনিঝিনি বলে;
তোমার ফালতু কবিতা'র বই বলে-
"বড়ছেলে, তুমি কবে বিদেশ যাবে?
কবে?
কবে?
কবে?" 




-------------------------------








২টি মন্তব্য:

রাজীব গোস্বামী বলেছেন...

কবিদের বিদেশ যেতে নেই, গেলেও থাকতে নেই।
বিনয় পড়সিস বোধহয়,

"পৃথিবী,সূর্য ও চাঁদ এরা জ্যোতিস্ক এবং
আকাশের তারাদের কাছে চলে যাবো ।
আমাকে ও মনে রেখো পৃথিবীর লোক
আমি খুব বেশী দেশে থাকি নি কখনো ।
আসলে তিনটি মাত্র দেশে আমি থেকেছি,এখন
আমি থাকি বঙ্গদেশে,আমাকেও মনে রেখো বঙ্গদেশ তুমি।"

সুদীপ বলেছেন...

কবি কোথায়? কথা হচ্ছে 'বড়ছেলে'দের নিয়ে। 'বড়ছেলে'দের বিদেশ যাওয়া ফরজ। বংশের শ্রী-বৃদ্ধি ঘটে-সব অর্থেই।