বায়ুকল
(অতি সম্প্রতি সদলবলে অরন্যে রাত্রি যাপনের
পর প্রিয় কবি'র নির্লজ্জ অনুকরন)
কী এক অন্তরঙ্গ
জ্যোৎস্নার থেকে
নিমেষে নিমের বনে তক্তপোষ
পেতে
আমরা ক'জন মধ্যবিত্ত
পরিবারের বড় ছেলে
অপেক্ষার সারারাত কাটাই।
সহস্র বছরের নক্ষত্রেরও
আনমনে
কেউ যেন কথা দিয়েছিলো এ
রাতের।
বুনো ঘাসের আলগোছে আজ
বহুদিন পর
তার কথা মনে পড়ে।
গাছের ছায়ায় ছায়ায় ঘাই মারে শুক্লপক্ষের
চাঁদ
দূরে কোথাও নিস্তরঙ্গ শিরীষের ডালে
এক বিরহিনী লক্ষীপেঁচা
তার ডাক শুনি যেন এই
যাদুকর জ্যোৎস্নায়।
ঝিঁ ঝিঁ পোকার শব্দে শব্দে
সন্তর্পনে
অন্ধকার আরো গভীরে নামে।
অশরীরী হাওয়ার 'পরে মেঘ
বুনে সিগারেট আর
আমরা ক'জন মধ্যবিত্ত
পরিবারের বড় ছেলে
বুকের হাঁপরে এক চিলতে
সুবাতাস নেবো বলে সযত্নে হা করে থাকি।
-----------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন